বিশ্বনাথ সিলেট থেকে মশিউর রহমান : সিলেটের বিশ্বনাথে সংঘর্ষ ও হত্যা মামলার পর গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়া একটি গ্রামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বাড়ির ছাদের সিঁড়িঘরের টিনের চালা খুলে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি স্মার্ট টিভি লুটে নিয়েছে দুর্বৃত্তরা। অভিযোগ পেয়ে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এর আগে, রবিবার রাতে উপজেলার লামাকাজি ইউনিয়নের দিঘলি দত্তপুর গ্রামের অমরী রানী দেবের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
অমরী রানী দেব জানান, কয়েকদিন আগে গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হন। এ ঘটনায় থানায় হত্যা মামলা হলে গ্রেফতার আতঙ্কে গ্রামের অধিকাংশ পুরুষ বাড়িঘর ছেড়ে চলে যান। এতে গ্রামটি অনেকটা পুরুষশূন্য হয়ে পড়ে। দুই ছেলে-মেয়ের নিরাপত্তার কথা ভেবে তাদের আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেন তিনি।
ঘটনার রাতের বর্ণনা দিয়ে অমরী রানী দেব বলেন, রাতে বাড়িতে তিনি ও তার এক খালা ছিলেন। খাবার খেয়ে কিছুক্ষণ গল্পগুজবের পর তারা ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন, ঘরের সবকিছু তছনছ করা হয়েছে। বসার ঘরের দেয়ালে থাকা বড় টিভিটিও নেই।
পাশের ঘরের দরজা খোলা ছিল।
তিনি আরও জানান, মেয়ের বিয়ের জন্য আলমারিতে রাখা সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকাসহ সব মিলিয়ে প্রায় ৮ লাখ ৩৫ হাজার টাকার মালামাল লুট করেছে অজ্ঞাত চোরচক্র।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
