আফতাব উদ্দীন, সুনামগঞ্জ : হাওরের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণে বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন, ২০২৬ এবং ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে সুনামগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খানের সঞ্চালনায় হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সুনামগঞ্জ জেলার উপপরিচালক হোসাইন মো. আল জুনায়েদ দিকনির্দেশনামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী এবং হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক শঙ্কর কুমার বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবেশবিদ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
কর্মশালায় হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন এবং টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। হাওরের জীববৈচিত্র্য রক্ষা, প্রাকৃতিক প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, জলজ সম্পদের সুরক্ষা এবং পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট আইন ও নির্দেশনার কার্যকর প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি হাওর সংরক্ষণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সুনামগঞ্জের হাওরগুলো কীভাবে সুরক্ষিত রাখা যায় এবং এসব এলাকার জীববৈচিত্র্য ও প্রতিবেশ-পরিবেশ কীভাবে সংরক্ষণ করা যায়, সে বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে। হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এসব মতামত লিপিবদ্ধ করেছে। পরবর্তী সময়ে বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে মতামতগুলো অন্তর্ভুক্ত করা হবে।
তিনি আরও বলেন, হাওর ও জলাভূমির সম্পদ রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। কোথাও জীববৈচিত্র্যবিরোধী কোনো কর্মকাণ্ড নজরে এলে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান জেলা প্রশাসক।
