রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রূপগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠন।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ানের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল করে,মিছিলটি ভুলতা ও গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ শেষে গাউছিয়া চৌরাস্তায় গিয়ে প্রতিবাদ সভা করে।
সমাবেশে সালাহউদ্দিন দেওয়ান বলেন, গত সরকারের আমলে আওয়ামী লীগ নেতারা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়ি গিয়ে হামলা করত। বিএনপি সরকার গঠনের পর অধ্যবদি কোনো আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা হয়নি। কাউকে মারধরও করেনি। দেশের মানুষ শান্তি চায়। আওয়ামিলীগ কোনো নৈরাজ্য সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না। বিগত সরকারের আমলে আমরা বাড়িতে থাকতে পারিনি। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসায় ঘুমায়। নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করা হবে। এসময় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপুর উন্নয়ন কাজের প্রতি সন্তোষ প্রকাশ করে বক্তারা ভূয়সী প্রশংসা করেন।
