বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন

ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি: ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সাধারণ মানুষের চিকিৎসার অধিকার সুরক্ষার দাবিতে চট্টগ্রামের পটিয়ায় ১৮ নভেম্বর বুধবার উপজেলা পরিষদ গেইট সংলগ্ন মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ রোগী ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসাসেবা ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠছে উল্লেখ করে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।মানববন্ধনে বক্তারা ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

তাঁরা বলেন, জীবন রক্ষাকারী ওষুধ কোনো বিলাসপণ্য নয়; এটি মানুষের মৌলিক চিকিৎসার অপরিহার্য উপাদান। অথচ ওষুধের দাম বাড়তে থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের রোগীরা। অনেক ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ কেনাও সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে পড়ে। পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি জয়দেব বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন এমআরপি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুহাম্মদ আনিস উদ্দিন।

বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক জসীম উদ্দীন, অর্থ সম্পাদক শেখ আহমদ, মোজাম্মেল হক, মীর আরিফ, আজিজ, কবির, সুজন, মিন্টু, নয়ন, ফোরকান, অলক, বিশ্বজিৎ প্রমুখ।

বক্তারা বলেন, ওষুধের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়—এমন মূল্যবৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ওষুধের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) যথাযথভাবে বাস্তবায়ন, বাজার মনিটরিং জোরদার এবং অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

মানববন্ধনে নেতৃবৃন্দ আরও বলেন, ওষুধের মূল্যবৃদ্ধির চাপ শেষ পর্যন্ত সাধারণ রোগীর ওপরই গিয়ে পড়ে। তাই জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওষুধের মূল্য নিয়ন্ত্রণে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।সারাদেশে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে পটিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা