বৃহস্পতিবার | নভেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কক্সবাজারে আজ বিএনপির প্রতিরোধ মিছিল, নেতৃত্ব দেবেন এমপি কাজল

কক্সবাজারে আজ বিএনপির প্রতিরোধ মিছিল, নেতৃত্ব দেবেন এমপি কাজল

রিয়াজ উদ্দিন, কক্সবাজার: অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কক্সবাজারে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতিরোধ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে দেওয়া এক ঘোষণায় তিনি এ কর্মসূচির কথা জানান।

কক্সবাজার পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, রামু উপজেলা বিএনপি ও ঈদগাঁও উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এ প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেওয়ার কথা রয়েছে।

আয়োজকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হওয়ার কথা। কর্মসূচিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরা সম্ভব হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা