সাভার থেকে, ফাহাদ-ই-আজম: দিনভর শ্রমিক অসন্তোষ, দফায় দফায় সংঘর্ষ ও মহাসড়ক অবরোধের ঘটনায় উত্তপ্ত থাকার পর রাতে সাভার, হেমায়েতপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি ঘিরে সতর্ক অবস্থান নেয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দিনের অস্থিরতার রেশ কাটতে না কাটতেই সন্ধ্যার পর সাভারের হেমায়েতপুর এলাকায় জাতীয় পতাকা সংযুক্ত মোটরসাইকেল নিয়ে বিএনপির দলীয় নেতাকর্মীদের শোডাউন করতে দেখা গেছে। সন্ধ্যা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন অংশে তাদের মোটরসাইকেল বহরের চলাচল লক্ষ্য করা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনের শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে রাতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা কিংবা নাশকতার সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক ছিলেন সংশ্লিষ্টরা। এ সময় বিএনপির দলীয় নেতাকর্মীদেরও এলাকায় তৎপর থাকতে দেখা যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কোনো ধরনের নাশকতা প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বিষয়েও তাদের ভূমিকা ছিল।
এর আগে বুধবার সকাল থেকেই সাভার ও আশুলিয়ার বিভিন্ন তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সকালের দিকে হেমায়েতপুরের পদ্মার মোড়, আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে কয়েকটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন স্থানে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দুপুরের খাবার বিরতির পর সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আল মুসলিম গ্রুপের পোশাক কারখানার শ্রমিকদের একাংশ ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কয়েকজন শ্রমিক ও পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে।
প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়। আটকা পড়ে দূরপাল্লার বাস, অ্যাম্বুলেন্সসহ অসংখ্য যানবাহন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এক দিনে ছুটি ১১২ পোশাক কারখানায়
শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের মোট ১১২টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষের কারণে ৯০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ১৪টি কারখানা বন্ধ এবং নোটিশের মাধ্যমে আরও আটটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাবিলুল হক জানান, দিনের সংঘর্ষে শ্রমিকদের একটি অংশ উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করেন। পুলিশ প্রথমে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
আন্দোলনে বহিরাগতদের সম্পৃক্ততার অভিযোগও করেন এই পুলিশ কর্মকর্তা। তাঁর দাবি, মুখে কালো ও সাদা মাস্ক পরা কিছু বহিরাগত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টিতে ভূমিকা রাখেন।
নিরাপত্তায় পুলিশ-বিজিবির তৎপরতা
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। শিল্প পুলিশ-১, ঢাকা জেলা পুলিশ এবং বিজিবি সদস্যরা বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। বিশেষ করে হেমায়েতপুরের পদ্মার মোড়, উলাইল, জামগড়া ও নরসিংহপুর এলাকায় নজরদারি বাড়ানো হয়।
শিল্পাঞ্চলে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকানো, কারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত থাকে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
মামলা-গ্রেপ্তার ঘিরে বাড়তি নজরদারি
শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ ও নাশকতার অভিযোগে সাভার ও আশুলিয়া থানায় একাধিক মামলা দায়ের এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, মামলার সংখ্যা ২৪টি এবং গ্রেপ্তারের সংখ্যা প্রায় ৩০০। এ ছাড়া আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
শিল্পাঞ্চলের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ
সাভার ও আশুলিয়া দেশের অন্যতম বৃহৎ পোশাকশিল্প অঞ্চল। এখানকার শ্রমিক অসন্তোষ শুধু স্থানীয় অর্থনীতি নয়, জাতীয় রপ্তানি খাতেও প্রভাব ফেলতে পারে। ফলে শ্রমিকদের ন্যায্য দাবি, মালিকপক্ষের দায়িত্বশীল ভূমিকা এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের মধ্যে সমন্বয় জরুরি।
দিনের সংঘর্ষ ও অবরোধের পর রাতে হেমায়েতপুরে জাতীয় পতাকাবাহী মোটরসাইকেল শোডাউন শিল্পাঞ্চলের পরিস্থিতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে শ্রমিক অসন্তোষের দিনের উত্তাপ পেরিয়ে রাতেও সাভার-হেমায়েতপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখাই এখন প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ।
