শনিবার | নভেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কালিয়ায় নিহত বিএনপি নেতা সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন : মহাসচিব রিজভী ও দুই প্রতিমন্ত্রী

কালিয়ায় নিহত বিএনপি নেতা সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন : মহাসচিব রিজভী ও দুই প্রতিমন্ত্রী

নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়ায় নিহত বিএনপির দুই নেতা সোহেল ও শাহিনের কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা কালিয়ায় পৌঁছে নিহত দুই নেতার কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তাঁরা।

কবর জিয়ারতে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. অহিদুজ্জামান (মিলু), কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিমসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে উপস্থিত নেতারা বলেন, এ ধরনের হত্যাকাণ্ড কারও কাম্য নয়। আইন হাতে তুলে না নিয়ে আইনগতভাবে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে কালিয়ায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা