শনিবার | নভেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, অরক্ষিত রেলক্রসিং নিয়ে ক্ষোভ

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, অরক্ষিত রেলক্রসিং নিয়ে ক্ষোভ

রিয়াজ উদ্দিন, কক্সবাজার: কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার একই পরিবারের চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর অরক্ষিত রেলক্রসিং নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হলে সেটি দুমড়েমুচড়ে যায়।

নিহতরা হলেন—দক্ষিণ মিঠাছড়ির কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩১), তাঁর বোন কাসফিয়া (২৪), কাসফিয়ার ১৮ মাস বয়সি ছেলে সাহিল এবং রুবেলের ছয় মাস বয়সি শিশুকন্যা মাশ্রুফা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। পথে কাটিরমাথা রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় কাসফিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, সেখানে কোনো রেলগেট কিংবা দায়িত্বপ্রাপ্ত গেটম্যান নেই। পাশাপাশি রেললাইনের দুই পাশে বড় বড় গাছ থাকায় সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চালকরা সহজে ট্রেনের অবস্থান দেখতে পান না। ফলে গুরুত্বপূর্ণ এ রেলক্রসিংয়ে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। স্থানীয়দের মতে, সেখানে দ্রুত রেলগেট স্থাপন ও গেটম্যান নিয়োগ করা জরুরি।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুদেস্তা বেগম রীনা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

একই পরিবারের চার সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে অরক্ষিত রেলক্রসিংগুলোতে দ্রুত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা