পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: শিশুদের আনন্দ, উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠল পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিমা পাড়া। শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফুটবল উপহার প্রদান করেছেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির পটিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক ও সমাজসেবক মুহাম্মদ দিদারুল আলম।
২১ নভেম্বর শনিবার বিকেলে পারিবারিক অর্থায়নে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির পক্ষ থেকে পশ্চিমা পাড়ার শিশুদের হাতে এই ফুটবল উপহার তুলে দেন সমাজ সেবক মুহাম্মদ দিদারুল আলম।। এ সময় শিশুদের মাঝে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। ফুটবল পেয়ে উচ্ছ্বসিত শিশুরা আনন্দ প্রকাশ করে এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী, সমাজ সেবক শ্যামল বড়ুয়া পরাগ, খেলোয়াড় লাভলু এবং শিশু খেলোয়াড় মামুন, আরিফ, আদর, সাঈদ, তৈয়ব, ওমর, মাসুদ, সাহিন, সায়েমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সমাজসেবক মুহাম্মদ দিদারুল আলম বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের চোখে রয়েছে স্বপ্ন, মনে রয়েছে অদম্য সাহস এবং নতুন কিছু করার প্রত্যয়। আমরা চাই, প্রতিটি শিশু সুন্দরভাবে বেড়ে উঠুক, স্বপ্ন দেখতে শিখুক এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিজেদের প্রস্তুত করুক।
শুধু লেখাপড়ায় ভালো করলেই হবে না, শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার প্রতিও শিশুদের সমান মনোযোগী হতে হবে। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, শৃঙ্খলাবোধ শেখায়, পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। মাঠের খেলায় জয়-পরাজয় মেনে নেওয়ার মধ্য দিয়ে শিশুরা জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাও অর্জন করে।
আমি চাই, পশ্চিমা পাড়ার প্রতিটি শিশু মাদক, অপরাধ ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে পড়ালেখা ও খেলাধুলায় নিজেদের সম্পৃক্ত রাখুক। তারা যেন সুশিক্ষিত, নৈতিক চরিত্রবান, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠে। ভবিষ্যতে তারাই দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আমাদের সামর্থ্য সীমিত হতে পারে, কিন্তু শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন সীমিত নয়। আজকের এই ছোট্ট ফুটবল উপহার হয়তো তাদের কাছে অনেক বড় আনন্দের উপলক্ষ। আমি বিশ্বাস করি, এমন ছোট ছোট উদ্যোগই শিশুদের মনে নতুন স্বপ্ন ও অনুপ্রেরণার জন্ম দিতে পারে। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা সবাই শিশুদের পাশে দাঁড়াই, তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিই এবং একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখবে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিশুদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া নিঃসন্দেহে একটি প্রশংসনীয় সামাজিক উদ্যোগ।
