রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ৬ প্রতিবন্ধী ব্যক্তিকে বিনামূল্যে হুইলচেয়ার দিয়েছে কিশোরগঞ্জ জেলা পরিষদ

৬ প্রতিবন্ধী ব্যক্তিকে বিনামূল্যে হুইলচেয়ার দিয়েছে কিশোরগঞ্জ জেলা পরিষদ

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে ৬ জনের হাতে বিনামূল্যে হুইলচেয়ার তুলে দিয়েছে জেলা পরিষদ।

সোমবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

হুইলচেয়ার পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, শারীরিক প্রতিবন্ধকতার কারণে দীর্ঘদিন চলাচলে নানা সমস্যায় পড়তে হতো। বিনামূল্যে হুইলচেয়ার পাওয়ায় এখন চলাফেরা সহজ হবে।

এ উদ্যোগের জন্য জেলা পরিষদ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

উপকারভোগীদের স্বজনরা বলেন, হুইলচেয়ার না থাকায় চিকিৎসা নেওয়া, বাইরে যাওয়া ও দৈনন্দিন কাজকর্মে অনেক ভোগান্তি পোহাতে হতো।

জেলা পরিষদের এ সহায়তা তাদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনবে।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন। যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে তারাও সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বী করার উদ্যোগের অংশ হিসেবে জেলা পরিষদের পক্ষ থেকে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আজ ছয়জনের হাতে হুইলচেয়ার তুলে দিয়েছি। আমরা চাই, প্রতিবন্ধী মানুষগুলো যেন নিজেরাই চলাচল করতে পারেন, স্কুলে যেতে পারেন, কর্মসংস্থানে যুক্ত হতে পারেন। তাদের জীবনযাত্রা সহজ করা এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতেই আমাদের এই চেষ্টা।’

সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, `সম্মিলিত সহযোগিতায় তাদের জীবনযাত্রা সহজ হবে। এতে সমাজ সুন্দর হবে এবং প্রতিবন্ধী ব্যক্তিরাও নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারবেন।’

জেলা পরিষদের প্রশাসক আরও বলেন, ‘বাজিতপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের একটি বিদ্যালয় রয়েছে, যেখানে প্রায় ১১২ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। হুইলচেয়ার নিতে আসা একজন উপকারভোগী নিজেও শিক্ষকতা করেন। তার ইশারাভিত্তিক যোগাযোগের দক্ষতা দেখে মুগ্ধ হয়েছি।’

প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান প্রশাসক। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা