সুনামগঞ্জ থেকে আফতাব উদ্দীন: প্রায় ২২ বছর পর আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমন উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে ঐতিহ্যবাহী স্থানীয় খেলাধুলার উৎসব। একই সঙ্গে নতুনকুঁড়ি স্পোর্টসের বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ এবং সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীকে বরণ এবং ক্রীড়া উৎসব সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা। ঐতিহাসিক এ আয়োজনকে ঘিরে জেলাজুড়ে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
এ উপলক্ষে রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুনামগঞ্জের পাঁচজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ক্রীড়া উৎসব সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নুর আলম রোববার দুপুর ২টার দিকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর এবং ক্রীড়া উৎসব সফল করতে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জেলার পাঁচ সংসদ সদস্যকে নিয়ে বৈঠকে বসবেন।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসবেন। জেলা শহরের স্টেডিয়ামে জেলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে। পাশাপাশি নতুনকুঁড়ি স্পোর্টসের আয়োজনও থাকবে। একই দিনে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। সে সময় শহরের পুরাতন বাসস্টেশনে এক সমাবেশে বক্তব্য দেন তিনি। পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে ওই নির্বাচনী এলাকার টেকেরঘাট ও জামালগঞ্জে পৃথক দুটি সমাবেশে বক্তব্য রাখেন।
দীর্ঘ প্রায় ২২ বছর পর তাঁর এই সফরকে ঘিরে হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার ক্রীড়াঙ্গনেও তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
