পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: কোমলমতি শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মনির আহমদ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর ২০২৬) কর্ণফুলী উপজেলার আল জিলানী চাইল্ড কেয়ার একাডেমিতে আনন্দঘন পরিবেশে এ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক মো. সেলিম, নুর মোস্তফা, আসিফুল ইসলাম, নুর কাদের ও হাফেজ আব্দুর নূর।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিরা। উপহার পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও জ্ঞানার্জনে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মনির আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে আলোকিত করা এবং নতুন প্রজন্মের শিক্ষা ও মানবিক বিকাশে এ ধরনের শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
শিক্ষা ও মানবিকতার সমন্বয়ে নতুন প্রজন্মকে আলোকিত করার প্রত্যয়ে মনির আহমদ ফাউন্ডেশনের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
