সুনামগঞ্জ থেকে আফতাব উদ্দীন: সুনামগঞ্জ জেলা পরিষদের আওতায় জেলার বিভিন্ন এলাকার উন্নয়নে ১৭৭টি প্রকল্পে ৬ কোটি ৫ লাখ টাকারও বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০০টি প্রকল্পের বিপরীতে ৩ কোটি টাকারও বেশি অর্থের চেক বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থার প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে। অপরদিকে, দরপত্র প্রক্রিয়ার আওতায় ২৩টি প্যাকেজে ৭৭টি প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য ৩ কোটি ৫ লাখ টাকার লটারি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী। সঞ্চালনা করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, গির্জাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে উন্নয়ন প্রকল্পের বরাদ্দের চেক তুলে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। জেলা পরিষদের পক্ষ থেকে ১০০টি প্রকল্পে ৩ কোটিরও বেশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থানসহ গুরুত্বপূর্ণ সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে।’
তিনি আরও বলেন, জেলা পরিষদের দরপত্র প্রক্রিয়ার আওতায় ২৩টি প্যাকেজে ৭৭টি প্রকল্পের জন্য ৩ কোটি ৫ লাখ টাকার লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত ঠিকাদাররা এসব প্রকল্পের কাজ বাস্তবায়ন করবেন। তবে উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে কোনো ধরনের আপস করা হবে না। প্রকল্পের কাজ নিম্নমানের হলে কিংবা দরপত্রের শিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন না হলে তা মেনে নেওয়া হবে না। অনিয়ম ও অবহেলার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দেন।
জেলা পরিষদ প্রশাসক বলেন, দরপত্রের মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর আওতায় রাস্তা, সেতু, কালভার্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন করা হবে। জেলার বিভিন্ন এলাকার মানুষের প্রয়োজন ও অগ্রাধিকার বিবেচনায় এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা পরিষদেও উন্নয়ন বরাদ্দ এসেছে। এসব বরাদ্দের যথাযথ ব্যবহারের মাধ্যমে জেলার অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। আগামী দিনেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফরের প্রসঙ্গ তুলে ধরে জেলা পরিষদ প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সুনামগঞ্জবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। সফরকালে তিনি দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলা বা কান্ট্রি গেমস এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জের দীর্ঘদিনের সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রাণের দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। স্থানীয় সংসদ সদস্যরা জেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার বিষয়গুলো উপস্থাপন করবেন। জেলা পরিষদের পক্ষ থেকেও জেলার প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প ও গুরুত্বপূর্ণ সমস্যাগুলো প্রধানমন্ত্রীর নজরে আনা হবে। তাঁর এ সফরের মধ্য দিয়ে সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
