পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড (খানমোহনা-বানিপুর) থেকে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সমাজসেবক মুহাম্মদ রায়হান।
এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং একটি আধুনিক ও স্মার্ট ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে কাজ করতে আগ্রহী তিনি। তাঁর লক্ষ্য একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ, নিরাপদ ও মানবিক সমাজ বিনির্মাণ।
মুহাম্মদ রায়হান মনে করেন, একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হচ্ছে দল-মত, ধর্ম-বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষের পাশে থাকা এবং জনগণের অধিকার ও মর্যাদা রক্ষা করা। নির্বাচিত হলে তিনি ওয়ার্ডকে মাদক, ইয়াবা ও কিশোর গ্যাংয়ের ভয়াবহ প্রভাব থেকে মুক্ত রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণে কাজ করতে চান।পাশাপাশি সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি, সামাজিক বৈষম্য দূরীকরণ, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠাকে তিনি অগ্রাধিকার দিতে চান।
তিনি আরও বলেন, খানমোহনা-বানিপুর ওয়ার্ড হবে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপদ আবাসস্থল। এখানে থাকবে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি। কোনো মানুষ যেন ধর্মীয় পরিচয়, সামাজিক অবস্থান কিংবা আর্থিক অসচ্ছলতার কারণে অবহেলা ও বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।
তাঁর প্রত্যাশা, এলাকার প্রবীণদের সম্মান, নারীদের নিরাপত্তা, যুবসমাজের কর্মসংস্থান ও ইতিবাচক অংশগ্রহণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি আদর্শ ওয়ার্ড গড়ে তোলা সম্ভব।
মুহাম্মদ রায়হান বলেন, “আমি জনপ্রতিনিধি হওয়ার চেয়ে জনগণের একজন সেবক হতে চাই। আমার কাছে সব ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষ সমান। নির্বাচিত হলে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের কল্যাণ, ন্যায়বিচার, উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। একটি মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, বৈষম্যহীন ও সম্প্রীতির ওয়ার্ড গড়ে তোলাই আমার স্বপ্ন।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসা।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন সমাজসেবক মুহাম্মদ রায়হান।
তাঁর প্রত্যাশা, সকলের সম্মিলিত সহযোগিতায় খানমোহনা-বানিপুর ওয়ার্ডকে একটি উন্নত, আধুনিক, নিরাপদ, বৈষম্যহীন ও সম্প্রীতির মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
