মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়নে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ এবং রাজপথে সতর্ক অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এলাকায় সড়কের পাশে সারিবদ্ধভাবে বসে অবস্থান নেওয়া ও সতর্ক থাকার দৃশ্য চোখে পড়েছে।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং স্বৈরাচারী তৎপরতা বা নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা রাজপথে থেকেই প্রতিহত করার প্রস্তুতি নিয়েছেন তারা।
অবস্থান কর্মসূচিতে বাস্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, “বাস্তা ইউনিয়নের শান্তিপ্রিয় মানুষের পাশে থাকতে আমরা রাজপথে অবস্থান নিয়েছি। কোনো অপশক্তি বা স্বৈরাচারের দোসররা যেন এলাকায় কোনো রকম বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবসময় সজাগ রয়েছে।”
সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন বলেন, “আমরা বাস্তা ইউনিয়নের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় রাজপথে আছি। স্বৈরাচার বা কোনো অপশক্তি যেন এলাকায় কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বাস্তা ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামিম বলেন, “১ নং ওয়ার্ডসহ পুরো বাস্তা ইউনিয়নে জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ। কোনো দুষ্কৃতকারী যেন সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে, সেদিকে আমাদের কড়া নজরদারি রয়েছে।”
২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. দুলাল মিয়া, সাধারণ সম্পাদক আ. খালেক লাল ও সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বলেন, “রাজপথে থেকেই আমরা যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা মোকাবিলা করব। এলাকার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আমাদের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত।”
৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাইজউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বলেন, “স্বৈরাচারী অপতৎপরতা ঠেকাতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
এ সময় বাস্তা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, জননিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তারা নিয়মিত মাঠে থেকে সক্রিয় ভূমিকা পালন করবেন।
