সোমবার | নভেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা মজুরি আন্দোলনে উত্তাল আশুলিয়ার শিল্পাঞ্চল

সংঘর্ষে আহত ৩ নারী শ্রমিক, বন্ধ ৫৫ কারখানা

মজুরি আন্দোলনে উত্তাল আশুলিয়ার শিল্পাঞ্চল

সাভার থেকে, ফাহাদ-ই-আজমঃ ঢাকার সাভার পরিস্থিতিতে কিছুটা শান্ত থাকলেও আশুলিয়ার শিল্পাঞ্চল
দাবিতে শ্রমিক অসন্তোষে অস্থির হয়ে উঠেছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে তিন নারী শ্রমিক আহত হয়েছেন। অন্যদিকে শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ ও কারখানা বন্ধের কারণে আশুলিয়া শিল্পাঞ্চলের মোট ৫৫টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা যথাসময়ে কর্মস্থলে যোগ দেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি কারখানার শ্রমিকরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নিউ এইজ গ্রুপের কারখানায় কর্মবিরতির পর শ্রমিকদের একটি অংশ কারখানার বাইরে এসে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় একটি বাস ভাঙচুরের চেষ্টা এবং আশপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনায় সিরাতুব, রেখা ও সুইটি নামে তিন নারী শ্রমিক আহত হন। তারা সবাই নিউ এইজ গ্রুপের কর্মী বলে জানা গেছে। আহতদের আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

৫৫ কারখানায় উৎপাদন বন্ধ আশুলিয়া শিল্প পুলিশ-১-এর তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের মুখে ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আরও তিনটি কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন। পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২২টি কারখানা। সব মিলিয়ে বর্তমানে ৫৫টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

বন্ধ কারখানার মধ্যে হা-মীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনের মতো প্রতিষ্ঠানও রয়েছে।
অন্যদিকে, হেমায়েতপুরের পদ্মার মোড়সহ সাভারের অন্যান্য শিল্প এলাকায় অধিকাংশ কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানার আশপাশে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবির টহলও জোরদার রয়েছে।

মজুরি বোর্ডে মালিকপক্ষের ১৪ হাজার ৩০০ টাকার প্রস্তাবের আভাস পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভাকে কেন্দ্র করে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

বিজিএমইএ (BGMEA) নেতাদের সূত্রে জানা গেছে, মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ ন্যূনতম মজুরি ১১৩ থেকে ১১৫ মার্কিন ডলার নির্ধারণের একটি সম্ভাব্য খসড়া প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৪ হাজার ৩০০ থেকে ১৪ হাজার ৫৫০ টাকা। তবে এটি মালিকপক্ষের সম্ভাব্য খসড়া প্রস্তাব; আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রস্তাব উপস্থাপনের বিষয়টি এখনো নিশ্চিত নয়।

অন্যদিকে, গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের খসড়া প্রস্তাব পেশ করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত বর্তমান পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা শেষে আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে তা কার্যকর করার কথা জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

পুলিশের বক্তব্য: সার্বিক পরিস্থিতি সম্পর্কে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে শ্রমিকরা স্বাভাবিকভাবে কারখানায় প্রবেশ করলেও পরবর্তী সময়ে কয়েকটি প্রতিষ্ঠানে মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু হয়।

তিনি জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ সড়কে অবস্থান নেওয়া এবং আশপাশের কারখানা ও যানবাহনে হামলার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে। এ ঘটনায় তিনজন শ্রমিক আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা ভালো।

পুলিশ সুপার আরও জানান, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে।

এদিকে মালিকপক্ষের সম্ভাব্য ১৪ হাজার ৩০০ টাকার মজুরি প্রস্তাব এবং শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকার দাবির মধ্যে বড় ধরনের ব্যবধান থাকায় নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা কোন দিকে এগোয়, তা নিয়ে শিল্পাঞ্চলে আগ্রহ তৈরি হয়েছে। মজুরি বোর্ডের সিদ্ধান্তের পাশাপাশি চলমান শ্রমিক অসন্তোষের পরিস্থিতির দিকেও নজর রাখছেন শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা