এইচ এন আলম কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের মধ্যে একজন নারী ও তার শিশু সন্তান রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। আহত অপর দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।
দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
