নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, নির্যাতিতদের সুরক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বানে রাঙামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির অর্থায়নে এবং চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম, বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ও হিল ফ্লাওয়ারের আয়োজনে বুধবার (২৫ নভেম্বর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এবারের প্রতিপাদ্য ছিল— ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি। নির্যাতিতদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই।’
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াংয়ের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. ড. এনামুল হক হাজারী, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা এবং কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) সাইমুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রওশন আরা বেগম।
বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ জরুরি। নারীর প্রতি বৈষম্য, নির্যাতন ও সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
তাঁরা আরও বলেন, নির্যাতনের শিকার নারীদের নিরাপত্তা, আইনি সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে সহিংসতা ও দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটাতে হবে।
