আফতাব উদ্দীন, সুনামগঞ্জ : সরকারি ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং আত্মীয়স্বজনের মধ্যে ঋণ বিতরণের অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আফজাল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর।
গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখে মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্ষুদ্রঋণ শাখা থেকে এ নোটিশ জারি করা হয়। নোটিশে পাঁচ কর্মদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশ সূত্রে জানা যায়, মো. আফজাল হোসেন শরীয়তপুর জেলার ডামুড্যা ও গোসাইরহাট উপজেলায় কর্মরত থাকাকালে মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য পরিচালিত ক্ষুদ্রঋণ কর্মসূচির নীতিমালা বহির্ভূতভাবে ঋণ বিতরণ করেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়, গোসাইরহাট উপজেলায় ২০১০ সালে ছয়জন উপকারভোগীকে ৭৪ হাজার টাকা এবং ডামুড্যা উপজেলায় ২০০৮, ২০০৯ ও ২০১০ সালে ১০৬ জন উপকারভোগীকে ৯ লাখ ৪১ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এর মধ্যে গোসাইরহাট উপজেলায় ছয়জনের ৬৪ হাজার ৭৫০ টাকা এবং ডামুড্যা উপজেলায় ৫২ জনের ৩ লাখ ৫২ হাজার ৯৬৫ টাকা অনাদায়ী রয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট উপকারভোগীদের মধ্যে অনেকেই প্রকৃত উপকারভোগী নন। তারা কর্মকর্তার নিজস্ব আত্মীয়স্বজন। তার নিজের বাড়ি ডামুড্যা উপজেলায় এবং শ্বশুরবাড়ি গোসাইরহাট উপজেলায় হওয়ায় আত্মীয়স্বজনের তথ্য ব্যবহার করে ক্ষুদ্রঋণ বিতরণের অভিযোগ আনা হয়েছে।
এতে বলা হয়, মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে পরিচালিত ক্ষুদ্রঋণ কর্মসূচির নীতিমালায় ঋণ বিতরণ ও আদায়ের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু অভিযোগ অনুযায়ী, ঋণগ্রহীতাদের কাছ থেকে খেলাপি ঋণ আদায়ে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে সরকারের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, ক্ষুদ্রঋণ কর্মসূচির নীতিমালা বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করে আত্মীয়স্বজনের মধ্যে ঋণ বিতরণ এবং অনাদায়ী ঋণ আদায়ে পদক্ষেপ গ্রহণ না করা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার আওতায় শাস্তিযোগ্য অপরাধ হতে পারে।
এ অবস্থায় তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে সন্তোষজনক জবাব পাঁচ কর্মদিবসের মধ্যে অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) বরাবর দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে মো. আফজাল হোসেনের বক্তব্য জানার জন্য তার মুঠোফোন বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি তাই তার বক্তব্য জানা যায়নি।
