রাজস্থলী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩৩৪ এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা বান্দরবান থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টার দিকে বিদ্যালয়ে পৌঁছালে শ্রেণিকক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উয়েমং মারমার সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া কুদুমছড়া পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ. চাইন্দাসারা মহাথের, সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, বাঙ্গালহালিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মংছাখই মারমা এবং বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
