নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধির প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. এনামুল হক হাজারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, খামারিদের উৎসাহিত করা, আধুনিক পদ্ধতিতে পশুপালন এবং প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. রবিউল ইসলাম।
এ সময় কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণিসম্পদ বিভাগের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চিংহ্লাউ মারমা।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি, সাংবাদিক এবং প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন উপকারভোগী উপস্থিত ছিলেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এ আয়োজনকে ঘিরে কাপ্তাইয়ের খামারিদের মধ্যে প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনা ও উৎসাহ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
