শুক্রবার | নভেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর আদিবার মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর আদিবার মরদেহ উদ্ধার

টাঙ্গাইল থেকে মনোয়ার হোসেন সোহেলঃ পাশের বাড়ি খেলতে গিয়েছিল ছোট্ট শিশু আদিবা ইসলাম (৩)। তারপর থেকেই সে নিখোঁজ। পরিবার থেকে অনেক খোঁজাখুঁজি করেও হদিস মেলেনি।

অবশেষে ১ দিন পর বাড়ির পিছন থেকে পাওয়া গেল লুঙ্গি দিয়ে মোড়ানো লাশ। ঘটনাটি টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর আটাপাড়া গ্রামের।

নিখোঁজের একদিন পর আদিবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়। নিহত আদিবা ইসলাম ওই গ্রামের আমিন ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় আদিবা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ জানান, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা