নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চাপাইল ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নড়াগাতী থানা পুলিশের এসআই এফএম তারেকের নেতৃত্বে এএসআই নজরুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে
গ্রেপ্তার চুন্নু শেখ নড়াইলের কালিয়া উপজেলার ৯ নম্বর বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মৃত আসর শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াগাতী থানার মামলা নম্বর-০৪, জিআর-৭৩/২৫, তারিখ ২৬ নভেম্বর ২০২৫-এর হত্যা মামলায় চুন্নু শেখ ১ নম্বর আসামি। পেনাল কোড ১৮৬০-এর ৩০২/১১৪/৩৪ ধারায় দায়ের করা এ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
