সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট : লালমনিরহাট পৌরসভার মিশনমোড় এলাকা থেকে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে মো. জুলফিকার আলী (২৭) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মো. নুর আলম (৩৮)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে লালমনিরহাট থানা এলাকায় বিশেষ অভিযান চলছিল। রাত সাড়ে ১১টার দিকে বিডিআরগেট এলাকায় অবস্থানকালে পুলিশ গোপন সূত্রে খবর পায় মিশনমোড় এলাকার সীমান্ত হোটেলের সামনে কয়েকজন জাল নোট কেনাবেচা করছেন। ওই সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুলফিকার আলী রাস্তার পশ্চিম দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। জুলফিকার আলীর ব্যাগ তল্লাশি করে দুটি খাম থেকে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এর মধ্যে একটি খামে ৫০০ টাকা মূল্যমানের ৩০০টি (১ লাখ ৫০ হাজার টাকা) এবং অপর খামে ২০০ টাকা মূল্যমানের ১৩০টি (২৬ হাজার টাকা) জাল নোট ছিল। এ ছাড়া তার কাছ থেকে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন জব্দ করা হয়।
