শুক্রবার | নভেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ মতামত কচাকাটা উপজেলা বাস্তবায়ন নিয়ে মোশাররফ হোসেন ফাহিমের মতামত

কচাকাটা উপজেলা বাস্তবায়ন নিয়ে মোশাররফ হোসেন ফাহিমের মতামত

মোঃ মজিবর রহমান,​কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মাঝামাঝি অবস্থিত নাগেশ্বরী উপজেলাধীন কচাকাটা থানাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গঠনের দাবি এখন এলাকাবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে। দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের প্রক্রিয়ায় নতুন উপজেলার সদর দপ্তর কোথায় হবে এবং কোন ইউনিয়ন এর সাথে যুক্ত হবে—তা নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা চলছে। এ বিষয়ে নিজের ব্যক্তিগত মতামত ও অবস্থান তুলে ধরেছেন বিএনপির গ্রাস রুটস নেটওয়ার্ক (BGN) কুড়িগ্রাম-১ এর কো-অর্ডিনেটর ও নাগেশ্বরী উপজেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর সভাপতি মো. মোশাররফ হোসেন ফাহিম।

​কচাকাটা থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপ দিতে হলে আশপাশের ইউনিয়ন গুলোর সমন্বয় নিয়ে আলোচনা চলছে। সাম্প্রতিক সময়ে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার এবং কচাকাটা উপজেলা বাস্তবায়ন ফোরামের আবেদনের প্রেক্ষিতে কালীগঞ্জ, নারায়ণপুর, বল্লভেরখাস, কেদার ও কচাকাটা—এই পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের বিষয়টি সামনে এসেছিল।

​নিজের মতামত ব্যক্ত করে মো. মোশাররফ হোসেন ফাহিম বলেন, নতুন উপজেলার নাম ‘কচাকাটা উপজেলা’ হওয়া প্রায় নিশ্চিত। তবে প্রশাসনিক কেন্দ্র বা সদর দপ্তর কোথায় হবে—কচাকাটা, মাদারগঞ্জ, কেদার নাকি —এ নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন মত রয়েছে। ভৌগোলিক অবস্থান ও বিভিন্ন সূত্রে পাওয়া ধারণার ভিত্তিতে তিনি মনে করেন, নতুন উপজেলার সদর দপ্তর কচাকাটা থানা সংলগ্ন বল্লভেরখাস ইউনিয়নেই স্থাপিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

​ইউনিয়ন অন্তর্ভুক্তির বিষয়ে তিনি উল্লেখ করেন, শুরুতে নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়ন নাকি ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়ন যুক্ত হবে—তা নিয়ে নানা আলোচনা চলছিল। তবে প্রকৃত বিষয় হলো, ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়ন পূর্বে কচাকাটা থানা প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকেই কচাকাটা থানার সাথে যুক্ত রয়েছে। তাই বর্তমান প্রেক্ষাপট ও প্রশাসনিক ধারাবাহিকতা বিবেচনায় কালীগঞ্জ ইউনিয়ন এই প্রক্রিয়া থেকে পুরোপুরি বাদ পড়ে যাচ্ছে এবং বলদিয়া ইউনিয়নই নতুন এই উপজেলার সাথে যুক্ত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত প্রশাসনিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

​এলাকার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক সেবার সহজলভ্যতা এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে কচাকাটা উপজেলা গঠন এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি স্পষ্টভাবে জানান যে, তার দাবি—কচাকাটা উপজেলা বাস্তবায়ন করতে হবে এবং এর সদর দপ্তর বা ভিত্তি বল্লভেরখাস ইউনিয়নেই হতে হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা