মেহেদী হাসান সিরাজী, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে সেলিনা খাতুন (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) ভোরে উপজেলার নাটিমা ইউনিয়নের দারিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সেলিনা খাতুন ওই গ্রামের জুলফিকার রহমানের মেয়ে এবং মিনুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাবার খেয়ে সেলিনা নিজ ঘরে ঘুমাতে যান। শনিবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, নিহত গৃহবধূ শারীরিকভাবে অসুস্থ ও বাকপ্রতিবন্ধী ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি আগেও কয়েকবার এমন চেষ্টা করেছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
