শনিবার | নভেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকের

সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকের

এইচ এন আলম, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে দুপুরের খাবারে চিংড়ি মাছ খেয়ে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মো. ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য স্পিডবোটে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ইব্রাহিম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে খাবার খান ইব্রাহিম। এ সময় চিংড়ি মাছ খাওয়ার পর হঠাৎ অস্বস্তি অনুভব করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শ্বাসকষ্ট শুরু হয়।

পরে তাঁকে দ্রুত সেন্টমার্টিনের হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেন।

পরে বিকেল ৩টার দিকে স্পিডবোটে তাঁকে টেকনাফে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. এনামুল হক জানান, ইব্রাহিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল বলে জানা গেছে।

তিনি বলেন, চিংড়ি মাছ খাওয়ার পর শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার বিষয়টি জানা গেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা