শনিবার | নভেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ জন্মাষ্টমী ও দুর্গোৎসব-পরবর্তী মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের পুনর্মিলনী

জন্মাষ্টমী ও দুর্গোৎসব-পরবর্তী মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের পুনর্মিলনী

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসর-পরবর্তী হিন্দু সম্প্রদায়ের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা সদরের শ্রীশ্রী সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে ‘পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠিত হয়।

দয়ানন্দ ঠাকুর ও রঞ্জন কুমার পোদ্দারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মুরাদনগর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক দীন দয়াল পাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির। তবে দাপ্তরিক ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ ডা. যুগল ব্রহ্মচারী মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য শ্রী নারায়ণ সরকার, কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী দুলাল দেবনাথ ও যুগ্ম আহ্বায়ক শ্রী অঞ্জন রায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুরাদনগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু শংকর রায়, পূর্বধৈইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু শুকলাল দেবনাথ, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ণ পোদ্দার পিংকু, পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার দাস ও সাংগঠনিক সম্পাদক মানিক সাহা।

এ ছাড়া হোমনা, দেবিদ্বার ও দাউদকান্দি উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের পাশাপাশি মুরাদনগরের বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। পরে ঢাকা থেকে আগত জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধর্মীয় উৎসব-পরবর্তী এ পুনর্মিলনীতে বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা