রহিম হৃদয়, খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের স্থানীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে লংগদু জোনের উদ্যোগে গবাদিপশু ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ, ছাগল ও মুরগি বিতরণ করা হয়।
গত ২৩ ও ২৪ নভেম্বর ২০২৬ তারিখে প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে আয়োজিত দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ২ জন বাঙালি এবং ১৩ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ছিলেন। প্রশিক্ষণে গবাদিপশু ও গৃহপালিত পাখি পালন, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালিদ মাহরুস, পিএসসি প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন। একই সঙ্গে তাঁদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও পারিবারিক আয় বৃদ্ধির সুযোগ তৈরির লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের মাঝে ৩টি ছাগল ও ২৪টি মুরগি বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক অগ্রগতিতে বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। লংগদু জোনের এ উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পশু-পাখি পালনে আগ্রহ সৃষ্টি, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং পারিবারিক অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
