রবিবার | নভেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির কার্যালয়ে হামলা- ভাংচুর

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির কার্যালয়ে হামলা- ভাংচুর

শরিফ মাহমুদ, কুষ্টিয়া : রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের তালবাড়িয়া খালপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি আঞ্চলিক কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের এক নেতার নির্দেশে একদল নেতাকর্মী বিএনপির ওই কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা কয়েকজনকে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া, বিএনপির কার্যালয়ের ভেতরে দলটির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি ছবি ছেঁড়া অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে।

ঘটনার পর বর্তমানে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে, ঘটনার পর তালবাড়িয়া এলাকা থেকে শতাধিক নেতাকর্মী গাড়িবহর নিয়ে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, হামলা ও ভাঙচুরের অভিযোগের বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা