রিয়াজ উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে ব্লু ইকোনমি বা সমুদ্রভিত্তিক অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার কক্সবাজারে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা ও সামুদ্রিক সম্পদ দেশের অর্থনৈতিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করেছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন দক্ষ জনশক্তি, গবেষণা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা। সে লক্ষ্যেই কক্সবাজারে ব্লু ইকোনমি স্পেশালাইজড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরও বলেন, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, মেরিন সায়েন্স, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, জাহাজ নির্মাণ, উপকূলীয় পরিবেশ এবং সামুদ্রিক প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করবে এই বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে।
সুধী সমাবেশে উপস্থিত শিক্ষাবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ ঘোষণাকে কক্সবাজারের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে কক্সবাজার শুধু পর্যটন নগরী হিসেবেই নয়, সমুদ্রভিত্তিক শিক্ষা ও গবেষণার অন্যতম কেন্দ্র হিসেবেও পরিচিতি লাভ করবে।
সমাবেশে প্রধানমন্ত্রী কক্সবাজারের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই ঘোষণার দ্রুত বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজারে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং ব্লু ইকোনমি খাতে দেশের অগ্রযাত্রা আরও বেগবান হবে।
৫০
