কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন-এর কুতুবদিয়া-কক্সবাজার প্রতিনিধি ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কক্সবাজারের সদস্য মিজানুর রহমান। মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১২টার দিকে শহরের শহীদ স্মরণী রোডস্থ পুলিশ সুপার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মিজানুর রহমান জানান, আবদুল্লাহ নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা অতর্কিতভাবে লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে দুর্বৃত্তরা তার কাছ থেকে নগদ অর্থও ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, কিছুদিন আগে একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে অভিযুক্ত আবদুল্লাহ তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন।
হামলার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সাংবাদিক সমাজ ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কক্সবাজারের সভাপতি মোর্শেদুর রহমান খোকন, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন শাকিল, সাধারণ সম্পাদক আমানুল হক বাবুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সাংবাদিক নেতারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
৮১
