রকসী সিকদার, চট্টগ্রাম প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে বন বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযানে মাইকে ঘোষণা দিয়ে বনকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন বনকর্মী গুরুতর আহত হয়েছে বলে জানা যায়।উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকায় উচ্ছেদ অভিযানে গেলে এই হামলার শিকার হয়।
আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বনবিভাগের উচ্ছেদ অভিযানের সময় উচ্ছেদকারীদের একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এ হামলা চালায়।
এবিষয়ে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির জানান, অবৈধ জবরদখলের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাপলাপুরের জেএমঘাট এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
এ সময় অবৈধ সংঘবদ্ধ দখলদার চক্রটি উচ্ছেদ অভিযান বন্ধ করতে মাইকে ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে উসকানি দেয়। স্থানীয়রা মাইকিং শুনে একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে বন বিভাগের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।হামলায় আমাদের কয়েকজন বনকর্মী গুরুতর আহত হয়েছে। তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে সরকারি কাজে বাধা ও বনকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।
এই ঘটনার পর পুরো এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। এই হামলায় নেতৃত্ব দেওয়া অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ও বন বিভাগ যৌথভাবে কাজ করছে বলে জানা যায়।
