শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আমতলীতে ভুল সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে ভুল সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এসএম সুমন রশিদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. রুবেল মৃধা। শুক্রবার (১৯ জুন) রাত ৮ টার দিকে বাংলাদেশ প্রেসক্লাব, আমতলী শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে রুবেল মৃধা বলেন, তাদের একই গ্রামের প্রতিবেশী নিয়াজ খলিফা ও তার স্ত্রী তানিয়া আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে তাদের পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি জানান, তার পিতা সোবাহান মৃধা একটি ইটভাটা থেকে দাদনের টাকা নিয়েছিলেন। অসুস্থতার কারণে তিনি পরবর্তীতে কাজে যেতে না পারায় পাওনা টাকা সম্পূর্ণ পরিশোধ করতে পারেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন।
রুবেল মৃধার দাবি করে বলেন, গত ১৭ জুন রাত সাড়ে ১১ টার দিকে তার পিতা একা বাড়িতে ফেরার সময় প্রতিবেশী নিয়াজ খলিফার পালিত কুকুর তাকে তাড়া করে এবং কামড় দেয়। এ সময় নিয়াজ খলিফার স্ত্রী তানিয়া আক্তার সুখী স্থানীয় লোকজনকে ডেকে তার পিতাকে গরু চোর সন্দেহে আটক ও মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন, প্রকৃত ঘটনা গোপন করে তার পিতাকে গরু চোর হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছে। এতে তাদের পরিবার সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত ও হেয় প্রতিপন্ন হয়েছে।
তিনি প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্টদের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা