শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ ভ্রমণ মিলনছড়ি ভ্রমণ

মিলনছড়ি ভ্রমণ

স্টাফ রিপোর্টার: অ্যাডভেঞ্চার প্রেমী হোন বা নিরিবিলি ছুটির খোঁজে থাকুন, বান্দরবান সবসময়ই পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। এখানকার নয়নাভিরাম প্রকৃতি, সাঙ্গু নদীর মনকাড়া দৃশ্য আর ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি ও উৎসব যেন আপনাকে বারবার টেনে নিয়ে যায়। বান্দরবান শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে সবুজ পাহাড়ে ঘেরা মিলনছড়ি এমনই একটি স্থান, যেখানে প্রকৃতি যেন ক্যানভাসে আঁকা এক অপূর্ব চিত্রকর্ম।
কিভাবে যাবেন: আপনার যদি শৈলপ্রপাত, নীলগিরি বা চিম্বুক পাহাড় ভ্রমণের পরিকল্পনা থাকে, তাহলে আলাদা করে মিলনছড়ি দেখার জন্য ভাবতে হবে না। এসব জায়গায় যাওয়ার পথে অল্প বিরতি নিয়ে মিলনছড়ির সৌন্দর্য উপভোগ করতে পারেন।
ঢাকা থেকে সরাসরি বাসে বান্দরবান যাওয়া যায়। শ্যামলি, সৌদিয়া, এস. আলম, ইউনিক, সেন্টমার্টিন পরিবহন, হানিফ ইত্যাদি বাস সার্ভিসে নন-এসি ভাড়া ৮০০-৯০০ টাকা এবং এসি ১২০০-১৮০০ টাকা। রাত ৯-১০টার মধ্যে বাস ছাড়লে সকালে ৭টার মধ্যেই পৌঁছে যাবেন বান্দরবান। চাইলে ট্রেন বা বিমানযোগে চট্টগ্রাম গিয়ে সেখান থেকে বাসে বান্দরবান যেতে পারেন।

চট্টগ্রামের বদ্দারহাট থেকে পূবালী ও পূর্বানী বাস সার্ভিসে জনপ্রতি ২২০ টাকায় বান্দরবান পৌঁছানো যায়। বান্দরবান শহরের রুমা বাস স্ট্যান্ড থেকে স্পেশাল বাস বা চাঁদের গাড়ি ভাড়া করে সহজেই মিলনছড়ি, শৈলপ্রপাত, নীলগিরি বা চিম্বুক পাহাড় ঘুরে আসতে পারবেন।
কোথায় থাকবেন: মিলনছড়িতে রাতযাপনের জন্য আছে হিল সাইড রিসোর্ট (ফোন: ০১৫৫৬-৫৩৯০২২, ০১৭৩০-০৪৫০৮৩)। এছাড়া বান্দরবান শহরে ৬০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে বিভিন্ন মানের আবাসিক হোটেল ও রিসোর্ট পাওয়া যায়। বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি রাস্তা আর মেঘের রাজ্যে মিলনছড়ি যেন এক স্বপ্নের গন্তব্য। তাই মন চাইলে ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়ুন পাহাড়ের কন্যা বান্দরবানের উদ্দেশ্যে!

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা