শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকায় ফুটপাত উচ্ছেদ অভিযান, পথচারীদের চলাচলে স্বস্তি ফেরাতে প্রশাসনের উদ্যোগ

ভালুকায় ফুটপাত উচ্ছেদ অভিযান, পথচারীদের চলাচলে স্বস্তি ফেরাতে প্রশাসনের উদ্যোগ

ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পৌর প্রশাসন। পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং হকারদের উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালে গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকার ফুটপাতগুলো দখলমুক্ত করে পথচারীদের জন্য উন্মুক্ত করা হয়। প্রশাসনের এ উদ্যোগে দীর্ঘদিনের ভোগান্তি থেকে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্ক পথচারীরা নিরাপদে চলাচলের সুযোগ পাচ্ছেন বলে জানান স্থানীয়রা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং ফুটপাত পুনরায় দখলের চেষ্টা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল পথচারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা