নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর পলাশে নিখোঁজের তিনদিন পর ইব্রাহিম খান (২৭) নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাঁচদোনা–ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকায় একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহিম খান নরসিংদী সদর উপজেলার পাঁচদোনার নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত সোমবার (২২ জুন) রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ইব্রাহিম। পরে তার কোন খোঁজখবর না পেয়ে স্বজনরা পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ বৃহস্পতিবার দুপুরে স্বজনরা ঘোড়াশালের ভাগদী সড়ক দিয়ে যাওয়ার পথে পচাদুর্গন্ধ পেয়ে সন্দেহবশত আশেপাশে খোঁজাখুজি করেন। একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে ইব্রাহিমের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে। ঘাতকরা হত্যার পর গুম করার উদ্দেশ্যে মরদেহটি কালভার্টের নিচে ফেলে যায়। হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
