মঙ্গলবার | নভেম্বর ৩, ২০২৬
প্রচ্ছদ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার

ফাহাদ-ই-আজমঃ- সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার (২৬ জুন) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা উত্তর শাখার অধীনস্থ সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সম্প্রতি সাভারে একটি গ্যারেজ থেকে ২৩টি অটোরিকশা, ১৪ লাখ টাকার ব্যাটারি ও একটি মোটরসাইকেল লুটের অভিযোগ ওঠে সামিরের বিরুদ্ধে। এছাড়া এক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে নির্যাতনের অভিযোগও গণমাধ্যমে প্রকাশিত হয়। এসব ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি সংগঠনের নজরে আসে।

পরে সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলার বিষয় বিবেচনায় নিয়ে তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা