ইসমাইল হোসেন স্বপন, ইতালি : ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত (২৬জুন) প্রায় ৯টার দিকে শহরের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা কামাল, তাঁর স্ত্রী এবং তাঁদের পাঁচ বছর বয়সী মেয়ে। এ ঘটনায় তাঁদের ১৮ বছর বয়সী ছেলে আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসকেরা।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাতে একটি ধারালো অস্ত্র নিয়ে এক ব্যক্তি ওই বাসায় ঢুকে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান কামাল, তাঁর স্ত্রী ও ছোট মেয়ে।
এ সময় হামলাকারীর হাত থেকে বাঁচতে বাসা থেকে বের হয়ে আশপাশের মানুষের কাছে সহায়তা চান পরিবারের বড় ছেলে। তবে পালানোর আগে হামলাকারী তাকেও ছুরিকাঘাত করে। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে জরুরি সেবায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারাবিনিয়েরির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আহত তরুণকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম Il Messaggero জানিয়েছে, তদন্তের প্রাথমিক পর্যায়ে পুলিশ ধারণা করছে, পরিবারের পরিচিত কেউ বা ঘনিষ্ঠ কোনো ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে বিভিন্ন দিক বিবেচনা করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
