ঠাকুরগাঁও প্রতিনিধি : নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা এবং সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে আজ ২৯শে জুন সোমবার দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে জেলাপ্রশাসক চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এতে আরো বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) শফিকুল ইসলাম, শ্রম পরিদর্শক আবু নাঈম কুরাইশী, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, ঠাকুরগাঁও জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও জেলা শ্রমিক ঐক্য পরিষদের প্রচার সম্পাদক মো: নজরুল ইসলাম, ইএসডিও’র প্রতিনিধি মো: শামীম হোসেন প্রমুখ।
সভায় বক্তারা শিশু শ্রম প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্ব স্ব জায়গা থেকে সমাজে ভূমিকা রাখার আহবান জানান। সে সময় ঠাকুরগাঁও জেলাকে ঝুঁকিপূর্ণ সেক্টরে শিশুশ্রম মুক্তকরণ নিয়ে বিস্তারিত আলোচনাও করেন বক্তারা।
আলোচনায় প্রশাসনের কর্মকর্তা, শ্রমিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিশুশ্রম মুক্ত শ্রমিকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা ছাড়াও সপ্তাহব্যাপি সচেতনতামূলক কার্যক্রম পরিচালক করছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, দিনাজপুর। শিশুশ্রম প্রতিরোধে প্রতিষ্ঠানটি সফলতার সাথে কাজ করে চলেছে।
