দীপক চৌধুরী : দেশের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের (বিওটি) চেয়ারম্যান হিসেবে আবার নির্বাচিত হয়েছেন আজিজ আল কায়সার। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাঁর নেতৃত্ব, কৌশলগত দূরদর্শিতা এবং অব্যাহত অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে ২০২৬-২৭ মেয়াদের এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আজিজ আল কায়সারের নেতৃত্বে এনএসইউতে সুশাসন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহি, উদ্ভাবন এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নের প্রতি তাঁর অঙ্গীকার বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে। আজিজ আল কায়সার নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রয়াত সংসদ সদস্য ও খ্যাতিমান রাজনীতিবিদ এম এ হাশেমের পুত্র। তিনি বর্তমানে পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান এবং সিটি ব্যাংক পিএলসির সদ্য সাবেক চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে এনএসইউর ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। কর্পোরেট খাতে আজিজ আল কায়সারের দীর্ঘ অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষার উন্নয়নে অঙ্গীকার বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কয়েকজন অভিভাবক এই প্রতিবেদককে জানান, আজিজ আল কায়সার পুনরায় চেয়ারম্যান হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সুনাম ও সম্মানের উন্নতি সাধন সহজ হবে। অভিভাবকদের কাছে একারণেই এসব কথা বিশ্বাসযোগ্য কারণ, তারা বিগত সময়ে তাঁর ভূমিকা ও অন্যায়ের বিরুদ্ধে সুদৃঢ় অবস্থান লক্ষ্য করেছেন। অপ্রতিরোধ্যগতিতে তিনি ন্যায়ের সঙ্গে ছিলেন সবসময়।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে আজিজ আল কায়সার পুনরায় নির্বাচিত হওয়ায় একদিকে যেমন তারা স্বস্তি পেয়েছেন অন্যদিকে আনন্দিত হয়েছেন। দেশের সুবিখ্যাত একজন শিল্পপতি হিসেবে আজিজ আল কায়সারের উদারতা, বিশ্ববিদ্যালয়ের প্রতি সহানুভূতিশীল চিন্তা, দূরদর্শী ভূমিকা, ভালোবাসা ও মানবিক গুণাবলীর কথা এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখেমুখে শোনা যায়।
দেশের এ শিক্ষা প্রতিষ্ঠানটি ধাপে ধাপে সম্প্রসারণের সঙ্গে সঙ্গে অতীতে নানারকম দুর্নীতি ও প্রশাসনিক অনিয়ম হয়েছে। একাধিক অভিভাবক বলেন, একটা সময় যা-ই হোক না কেন এখন ক্ষমতা ও প্রভাব নিয়ে অন্যায়ভাবে কেউ লড়াইয়ের সাহস পাবে না।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, আজিজ আল কায়সার এই শিক্ষাপ্রতিষ্ঠানে সুনামবৃদ্ধিতে সবচেয়ে সক্রিয় ছিলেন, সক্রিয় রয়েছেন এবং ভবিষ্যতে সক্রিয় থাকবেন।
বোর্ড অব ট্রাস্টিজের বর্তমান চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ‘আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি করাপশন মুক্ত করতে চাই, করাপশন মুক্ত রাখবো। কোনোভাবেই এখানে কোনো অপশক্তির স্থান হতে দেব না।’ চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ পাওয়ার পর আজিজ আল কায়সার বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি দীর্ঘদিনের দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফল। বোর্ড আবারও আমার ওপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। এনএসইউ পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে কাজ করে যাব।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অব্যাহত রাখায় আজিজ আল কায়সারকে আন্তরিক অভিনন্দন। তাঁর নেতৃত্ব এনএসইউকে শিক্ষা, গবেষণা ও বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
