শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ কক্সবাজার সৈকতে আকস্মিক টর্নেডো—আতঙ্কে ছোটাছুটি, ভেঙে গেল শতাধিক চেয়ার-ছাতা

কক্সবাজার সৈকতে আকস্মিক টর্নেডো—আতঙ্কে ছোটাছুটি, ভেঙে গেল শতাধিক চেয়ার-ছাতা

কক্সবাজার প্রতিনিধি: বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে হঠাৎ আঘাত হেনেছে একটি আকস্মিক টর্নেডো। শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে তিন থেকে পাঁচ মিনিট স্থায়ী এই টর্নেডো পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরের দিক থেকে ঘূর্ণায়মান বাতাস ধীরে ধীরে বালুচরের দিকে এগিয়ে এসে সুগন্ধা পয়েন্টে আঘাত হানে। মুহূর্তেই পর্যটকদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড় দেন। এ সময় বেশ কয়েকজন পর্যটক মোবাইল ফোনে টর্নেডোর দৃশ্য ধারণ করেন।
কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান জানান, টর্নেডোর আঘাতে সৈকতে পর্যটকদের ব্যবহারের জন্য রাখা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা সম্পূর্ণ ভেঙে যায়। এতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হলেও, সৌভাগ্যবশত কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজার উপকূলে বৈরী আবহাওয়া ও অস্বাভাবিক প্রাকৃতিক ঘটনার প্রবণতা বাড়ছে। তাই সৈকতে অবস্থানরত পর্যটক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সতর্কতা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
কক্সবাজার সমুদ্রসৈকতে এই আকস্মিক টর্নেডো বড় ধরনের প্রাণহানির কারণ না হলেও, এটি উপকূলীয় অঞ্চলে আবহাওয়াজনিত ঝুঁকির বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে। প্রশাসন ও সংশ্লিষ্টদের সতর্কতা বৃদ্ধির পাশাপাশি পর্যটকদেরও বৈরী আবহাওয়ায় প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা