বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর ডাকবাংলা এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের পাশে লাবিবা পরিবহন বাস কাউন্টারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার এসআই (নিঃ) বাপন চক্রবর্তীর নেতৃত্বে এএসআই (নিঃ) মো. খোকন মিয়া এবং সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির হেফাজত থেকে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকার মাধ্যমে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সোহাগ (৪১), পিতা-মৃত সফিকুল ইসলাম, গোয়াইলকান্দি (তিন কোনা পুকুরপাড় বাড়ি), কোতোয়ালী থানা, ময়মনসিংহ এবং মো. সুজন (২৯), পিতা-মৃত নুরু মিয়া, স্থায়ী ঠিকানা আকুয়া গরুখড় মোড়, বর্তমান ঠিকানা গোয়াইলকান্দি (তিন কোনা পুকুরপাড় বাড়ি), কোতোয়ালী থানা, ময়মনসিংহ।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
৪৫
