গাংনী (মেহেরপুর) থেকে মাসুদ রানাঃ মানুষের নিত্যদিনের চলাচলের রাস্তার একদম পাশেই গাছের ডালে বাসা বেঁধে ডিমে তা দিচ্ছে একটি ঘুঘু পাখি। ব্যস্ত লোকালয়ের কোলাহল, মানুষের যাতায়াতের মধ্যেও পাখিটির এমন নিশ্চিন্তে বাসা বাঁধা দেখে বিস্মিত ও মুগ্ধ সড়কে চলাচলকারী পথচারীরা।
শনিবার, ১৮ জুন ২০২৬ দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়,মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া নওপাড়া সড়কের পাশের একটি বরই গাছের ডালে খড়-কুটো দিয়ে অত্যন্ত সযত্নে বাসা তৈরি করেছে ঘুঘুটি। রাস্তাটি দিয়ে সার্বক্ষণিক মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচল করলেও পাখিটির মধ্যে কোনো ভয় বা আতঙ্ক দেখা যায়নি।
নিকটস্থ স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন বলেন,রোজ এই রাস্তা দিয়ে যাই। কয়েকদিন ধরে দেখছি ঘুঘু পাখিটা এখানেই বসে আছে। মানুষের এত শব্দের মধ্যেও ও কিভাবে নিশ্চিন্তে ডিম ফুটাচ্ছে ভাবতেই অবাক লাগে।
পরিবেশবিদরা বলেছেন, মানুষের প্রতি ঘুঘু পাখির এই আস্থা আমাদের প্রকৃতির প্রতি যত্নবান হওয়ারই ইঙ্গিত দেয়। লোকালয়ের ভেতরে পাখির বাসা বাঁধা পরিবেশের ভারসাম্যের জন্য ইতিবাচক। তবে বাসার আশপাশে কেউ যেন ইট-পাটকেল না ছুঁড়ে বা গাছের ডাল না ভাঙে সেদিকে সবার খেয়াল রাখা উচিত বলেও মনে করেন তারা।
পথচারীরা এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় একবার হলেও উপরে তাকিয়ে ঘুঘু পাখিটিকে দেখে যান। কোলাহলের মাঝে প্রকৃতির এই ছোট্ট উপস্থিতি যেন মানুষের মনেও একটু শান্তির প্রয়াস।
