শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ আদালত থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

আদালত থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

ঈদগাঁও (ককসবাজার)প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উখিয়া উপজেলার হরিণমারা এলাকার বাসিন্দা জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, পারিবারিক একটি মামলার কাজে সোমবার সকালে দুই বোন কক্সবাজার আদালতে এসেছিলেন। আদালতের কার্যক্রম শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে স্কুলপাহাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুই বোন মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে চালকসহ ছয়জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তিনজন নিহত এবং অপর তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী আব্দুল গফুর বলেন, “সন্তানদের নিয়ে কোচিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনাটি আমার চোখের সামনে ঘটে। সংঘর্ষের পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।”
রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের অভিযোগ, কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বেপরোয়া গতিতে যান চলাচল এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। তারা মহাসড়কে কঠোর নজরদারি ও ট্রাফিক আইন কার্যকরের দাবি জানিয়েছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা