মনোয়ার হোসেন সোহেল ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের রতনবরিস গ্রামের ফেলানি বাড়ি থেকে এসহাকের বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষ চলাচল করলেও সংস্কারের অভাবে এটি এখন কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সড়কের অধিকাংশ অংশে বড় বড় গর্ত, কাদা ও পানি জমে থাকায় এটি রাস্তা নাকি ধানক্ষেত, তা বোঝার উপায় থাকে না। সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদায় পরিণত হয়, ফলে পথচারী, শিক্ষার্থী, কৃষক এবং বিভিন্ন যানবাহনের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনসহ নিত্যদিনের যাতায়াতও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বছরের পর বছর ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের আশ্বাস মিললেও বাস্তবে সড়কের উন্নয়ন হয়নি। ফলে প্রতিটি বর্ষা মৌসুমে একই দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটছে।
এলাকার কৃষি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দীর্ঘদিনের অবহেলায় এটি এখন জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সড়কটি টেকসইভাবে সংস্কার করা না হলে ভবিষ্যতে যোগাযোগ ব্যবস্থা আরও ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
রাস্তা পরিদর্শন করে ঘাটাইল উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, রাস্তা পাকা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব রাখব। যাতে রাস্তাটি অতি দ্রুত পাকা করা হয়।
