শাহাব উদ্দিন আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করা, যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। অভিযানে অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং শহরে অবাধে বিচরণ করা তিনটি গরু আটক করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌরসভার প্রধান প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানা পুলিশ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অভিযানকালে শহরের স্টেশন সড়ক, নতুন বাজার ও নতুন বাজার দক্ষিণ সড়ক, মাছবাজার এবং সবজি বাজার এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে রাখা অবৈধ দোকান, ভাসমান ব্যবসা ও পসরা অপসারণ করা হয়। ফুটপাতে টাঙানো বিভিন্ন ব্যানার-ফেস্টুনও সরিয়ে ফেলা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের মালামাল দোকানের ভেতরে রাখার নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে সড়ক সংকুচিত হয়ে পড়ায় যানবাহন চলাচল ও পথচারীদের হাঁটাচলায় চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে ব্যস্ত সময়ে বাজারমুখী সড়কগুলোতে তীব্র যানজট লেগে থাকত।
পৌরসভা সূত্রে জানা যায়, এর আগে একাধিকবার মাইকিং করে ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করা হয় এবং ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।
একই দিন শহরে অবাধে গবাদিপশুর বিচরণ বন্ধে পৃথক অভিযান চালিয়ে তিনটি গরু আটক করে পৌরসভার হেফাজতে নেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, গরুগুলো দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়ক, বাজার ও আবাসিক এলাকায় অবাধে বিচরণ করছিল। অনেক সময় বাসাবাড়িতে ঢুকে গাছপালা ও বাগানের ক্ষতি করার পাশাপাশি ব্যস্ত সড়কে উঠে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি করত। এছাড়া সবজি বাজারে ঢুকে বিক্রির জন্য রাখা সবজি নষ্ট করা, ডাস্টবিনে মুখ ঢুকিয়ে ময়লা-আবর্জনা চারদিকে ছড়িয়ে দেওয়া এবং যেখানে-সেখানে মল-মূত্র ত্যাগের কারণে পরিবেশদূষণ ও জনদুর্ভোগ বাড়ছিল।
পরে ভুরভুরিয়া চা বাগানের ওই গরুর মালিক মুচলেকা দিলে গরুগুলো তাঁর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পৌরসভার প্রধান প্রকৌশলী মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শহরের যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। তিনি জানান, গত কয়েক দিন ধরে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে গরুর মালিকদের শহরে অবাধে গরু ছেড়ে না দেওয়ার আহ্বান জানানো হয়েছিল; সেই নির্দেশনা উপেক্ষা করায় অভিযান চালিয়ে তিনটি গরু আটক করা হয়।
শহরের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে শ্রীমঙ্গল পৌর প্রশাসন।
