শাহাব উদ্দিন আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ২৫ মিনিটে গোপন সংবাদ পাওয়া যায়, ইয়াবার একটি বড় চালান গ্রহণের উদ্দেশ্যে সাদা রঙের একটি প্রাইভেটকারে করে মাদক কারবারিরা মৌলভীবাজার-ঢাকা বাসস্ট্যান্ড এলাকার দিকে আসছে। ওই তথ্যের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) রিপটন পুরকায়স্থের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রানা মিয়া, এএসআই জাহিদুল ইসলাম, এএসআই ইখতিয়ার হোসেন, কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ সঙ্গীয় ফোর্স বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শ্রীমঙ্গল রোডের পঞ্চমী ওয়াশিং সেন্টারের সামনে অবস্থান নেন এবং সন্দেহভাজন প্রাইভেটকারটি আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়িচালক মুরাদ আলী মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল রোডের এসএমএস বাস কাউন্টারের সামনে থেকে তাঁর দুই সহযোগী মানিক আহমদ ও সাব্বির আহমদকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তার ব্যক্তিদের দেহ ও ব্যবহৃত প্রাইভেটকারটি তল্লাশি করে দুটি শপিং ব্যাগে রাখা স্কচটেপে মোড়ানো চারটি প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের হেফাজত থেকে নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং ঢাকা মেট্রো গ-১৫-৫৬০৫ নম্বরের সাদা রঙের প্রাইভেটকারটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া টাকা মাদক বিক্রি থেকে পাওয়া বলে পুলিশের ভাষ্য।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মানিক আহমদ (৩২) ও সাব্বির আহমদ (২৬) এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুরাদ আলী মিলন (৪৫)।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবার চালান এনে মৌলভীবাজার সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
