শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আশুলিয়ায় বিএটি’র তামাক গুদামে ভয়াবহ আগুন: সাড়ে ৫ ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে

আশুলিয়ায় বিএটি’র তামাক গুদামে ভয়াবহ আগুন: সাড়ে ৫ ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে

আশুলিয়া প্রতিনিধি।। আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের একটি তামাক সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার টানা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (৫ আগস্ট) সকাল প্রায় ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত বিএটির তামাক গুদাম থেকে স্থানীয়রা প্রথম ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন গুদামের ভেতরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের খবরের ভিত্তিতে প্রথমে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

তবে তামাকের বিপুল মজুত থাকায় আগুন দ্রুত পুরো গুদামে ছড়িয়ে তীব্র আকার ধারণ করে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় পরবর্তীতে জিরাবো ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) দুটি ইউনিট এবং ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ মোট সাতটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আগুন নেভাতে এবং আশপাশের এলাকা সুরক্ষায় শিল্প পুলিশের সদস্যরাও ফায়ার সার্ভিসকে সহায়তা করেন।

উক্ত বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী এর কাছে জানতে চাইলে তিনি বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে আমাদের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। গুদামে প্রচুর পরিমাণ তামাক মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। শেষ পর্যন্ত সাতটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”

এছাড়া প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির প্রকৃত হিসাব প্রকাশ করা হবে উল্লেখ্য,শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) ২০২৫ সালের জুলাই মাসে রাজধানীর মহাখালী থেকে তাদের কারখানা আশুলিয়ায় স্থানান্তর করে। নতুন কারখানার উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটি সেখানে প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছে।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা