বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা

নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা

নরসিংদী থেকে কামরুল ইসলাম কামাল : নরসিংদীর সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে সুমন মিয়া (২৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮ টায় বাখননগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া বাখননগর গ্রামের বাতেন মিয়ার ছেলে। তিনি আলোকবালী ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি কাইয়ুম মিয়ার ভাতিজা।

স্বজনদের ভাষ্য, বৃহস্পতিবার রাতে সুমন মিয়া তার বোন সোনিয়াকে নিয়ে বাড়ির অদূরে নদীর পাড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জন অস্ত্রধারী ব্যক্তি তাকে জোর করে তুলে নিয়ে বাখননগর বাজারের একটি চায়ের দোকানের সামনে নিয়ে যায়। সেখানে তাকে গুলি করে ফেলে রেখে চলে যায় তারা।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের বোন সোনিয়া অভিযোগ করেন, কয়েক দিনের মধ্যেই তার ভাই বিদেশে যাওয়ার কথা ছিল। তিনি বলেন, তার ভাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না এবং তার ব্যক্তিগত কোনো বিরোধও ছিল না। তিনি এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এদিকে আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জয়নাল আবেদিন সরকার দাবি করেন, রাজনৈতিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তার অভিযোগ, প্রতিপক্ষের লোকজন ভাড়াটে সন্ত্রাসী এনে এ ঘটনা ঘটিয়েছে। তবে তার এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন বলেন, স্থানীয় বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা